শূন্যতা ভেজা সাদা অভিমান – মাভিয়া আক্তার

Share

হে প্রিয়,
শূন্যতা-ভেজা সাদা অভিমানে
যখন যাব শবদেহের মিছিলে,
তখন হয়তো মনে পড়বে
এই আমায়।
তোমায় একদণ্ড দেখার আশায়
দুচোখে চাতক পাখি
বাসা বুনে যায়।
আর ওই যে বকুল ফুলের মালাটা,
শুকিয়ে গেছে অনেক আগেই,
বৃন্ত থেকে ঝরে গেছে ফুল,
তোমার দু’দণ্ড সময় হয়নি
একবার ফিরে দেখার।
অথচ কত বাহানায়
মনকে করেছি শান্ত!
নিঃশব্দ চিৎকারে কেঁপে ওঠে
আকাশ-বাতাস,
তবুও তুমি ফিরে আসোনি।