ইতালির রোমে ১৬ আগস্ট জেমসের কনসার্ট ঘিরে টিকিটের টাকা আত্মসাৎ ও হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে আয়োজক প্রতিষ্ঠান এবিজেনের কর্ণধার আবুল মুয়াজ জানিয়েছেন, জেমসের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই; অভিযোগ তার ব্যবসায়িক ম্যানেজার রোবায়েত ঠাকুর রবিনের বিরুদ্ধে।
মুয়াজের দাবি, জেমসের ৩০ হাজার ইউরো সম্মানির বাইরে ম্যানেজার টিকিট বিক্রির প্রায় ১৪ হাজার ইউরো নিয়ে গেছেন এবং আয়োজকদের সঙ্গে করা কিছু প্রতিশ্রুতিও পূরণ করেননি। এ ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দাবি করার কথা জানিয়েছেন তিনি।
হোটেলের ২০০ ইউরো জরিমানার বিষয়টি স্বীকার করে জেমস বলেন, তার সঙ্গে থাকা এক তরুণ গিটারিস্টের কক্ষ অপরিষ্কার ছিল। তবে হোটেল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।