চিত্রনায়ক শান্ত খান ও তাঁর বাবা, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। এরপর তাদের ময়নাতদন্ত করা হবে। পুলিশ জানিয়েছে, মরদেহ উত্তোলনের জন্য চাঁদপুর জেলা প্রশাসনের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর উত্তোলনের সময় নির্ধারণ করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় জনরোষের মুখে পড়েন বাবা-ছেলে। পরে বাগড়া বাজার এলাকায় গণপিটুনিতে তারা নিহত হন। তৎকালীন পরিস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ এবং তদন্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।