ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক

Share

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ২৪ সেপ্টেম্বর থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি। ছয় বছর আগে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী।সিনেমাটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কারও পেয়েছে। রোমের এশিয়াটিকা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জুরি অ্যাওয়ার্ড, লন্ডনের রেইনবো চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করে এটি। ওটিটিতে মুক্তির খবর জানিয়ে ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে অপি করিমের অভিনয়ের প্রশংসা করেন। ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অপি অসাধারণ অভিনয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায় ও অমিত সাহা।