লাকী ইনামের নির্দেশনায় মঞ্চে আসছে ‘দুই পাখি ও নন্দিনী’

Share

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই পাখি’ কবিতা ও কালজয়ী নাটক ‘রক্তকরবী’-র ভাবনা অবলম্বনে মঞ্চে আসছে নতুন নাট্যপ্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। নাগরিক নাট্যাঙ্গনের নবম প্রযোজনাটি আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যশিল্পী ও নির্দেশক ষড়েশ্বর্য লাকী ইনাম। এতে খাঁচার পাখি ও মুক্ত বনের পাখির মাধ্যমে পরাধীনতা ও স্বাধীনতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। সেই দ্বন্দ্বের মাঝে ‘রক্তকরবী’র নন্দিনী হাজির হন মুক্তির পথের নির্দেশনা নিয়ে। লাকী ইনামের ভাষ্য, রবীন্দ্রনাথের ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ ভিন্ন শিল্পরূপে মূলত মানুষের স্বাধীনতার কথাই বলে। প্রকৃত স্বাধীনতা শুধু খাঁচা বা প্রাচীর ভাঙা নয়, বরং অন্যকে বন্দি করে রাখার মানসিকতা থেকে মুক্ত হওয়াও। নাটকটিতে অভিনয় করেছেন প্রলয় জামান, জুয়েল জহুর, সুমন আহমেদ, হিল্লোল সরকার, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্নাসহ আরও অনেকে। সংগীতে আসমা দেবযানী, আবহ সংগীতে বিশ্বজিৎ বাদল এবং কোরিওগ্রাফিতে রয়েছেন সুমন আহমেদ।