অবশেষে প্রকাশ্যে এসেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝলক। এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। বানশালী প্রোডাকশনের প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে রণবীরকে ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা গেছে। সাদা টি-শার্ট, চশমা ও ছোট চুলের এই লুকে তার এক হাত রক্তাক্ত, অন্য হাতে শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছেন তিনি। রহস্যময় এই পোস্টার ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ২০২৭ সালের ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। জানা গেছে, এটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। যুদ্ধের আবহে রণবীর, ভিকি ও আলিয়ার চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে গল্প। ‘সাওয়ারিয়া’র প্রায় দুই দশক পর আবারও বানশালীর পরিচালনায় কাজ করছেন রণবীর। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর নির্মাতার সঙ্গে ফের জুটি বেঁধেছেন আলিয়াও। সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের নভেম্বরে এবং চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।