অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়েছেন। নব্বইয়ের দশকে রাজবাড়ী সরকারি কলেজে পড়ার সময় পরিচিত হওয়া বিকাশ বোসের পরিবারের এই সংকটে পাশে দাঁড়িয়েছেন তিনি। বিকাশ বোসের মেয়ে চিকিৎসক লোপামুদ্রা বোসের মা বর্তমানে কলকাতার একটি হাসপাতালে গুরুতর অসুস্থ। মস্তিষ্কের জটিলতার পর ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি অর্থসংকটে পড়েছে। এ অবস্থায় চঞ্চল চৌধুরী ব্যক্তিগতভাবে সহযোগিতার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অন্যদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এমনকি অর্থসহায়তা সম্ভব না হলেও পোস্টটি শেয়ার করে অসুস্থ মায়ের পাশে থাকার অনুরোধ করেছেন তিনি।