চার দশকের বেশি অভিনয়জীবনে নানা পাটেকর গ্যাংস্টার, সেনা কর্মকর্তা, বাবা, প্রতিবাদী মানুষ ও খলনায়ক—বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য ছয় সিনেমা হলো—‘সালাম বোম্বে!’ (১৯৮৮), ‘পারিন্দা’ (১৯৮৯), ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ (১৯৯১), ‘ক্রান্তিবীর’ (১৯৯৪), ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ (১৯৯৬) ও ‘অগ্নি সাক্ষী’ (১৯৯৬)। প্রতিটি চরিত্রেই তার তীব্র অভিনয় ও স্বতন্ত্র সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করেছে। চরিত্রের বৈচিত্র্য আর অভিনয়ের শক্তিতেই নানা পাটেকর হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার অন্যতম স্বতন্ত্র অভিনেতা।