দুর্গোৎসবের আবহে প্রতি বছরই নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী। সেই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার তার কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দেবী দুর্গাকে নিবেদিত ভক্তিমূলক গান ‘জয় মা দুর্গা’। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে গানটি প্রকাশিত হবে। দুর্গাপূজার ধর্মীয় আবহের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবের আনন্দকে ধারণ করে নির্মিত হয়েছে গানটি। দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরার পাশাপাশি গানটির মাধ্যমে পূজার উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ড. অরূপ রতন চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানটির পরিচালনা করেছেন এ বাবুল। কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদ।