ছোট পর্দার পরিচিত মুখ চাঁদনী শেখ এখন ব্যস্ত চলচ্চিত্র নিয়ে। সম্প্রতি তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এবার প্রধান নায়িকা হিসেবে সাইমন তারিকের ‘ফিল্টার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে তাঁর নায়ক ওমর মালিক। এদিকে, একই দিনে মুক্তির কথা রয়েছে চাঁদনী অভিনীত ‘চিরকুট’ সিনেমার। মুনতাসির আকিব পরিচালিত ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শ্যামল মাওলা। খুলনার মেয়ে চাঁদনীর অভিনয়ে অভিষেক হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘ফ্যামিলি ডিস্টেন্স’ মেগা সিরিয়ালের মাধ্যমে। এরপর ‘এন্ট্রি হিরো’, ‘হাতকড়া’, ‘পালাকার’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’ সিনেমার মাধ্যমেও চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। চাঁদনী জানান, নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমান গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি। ভালো মানের কাজের মাধ্যমে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য।