অস্কারের ৯৯তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবে আনাস বাতাহাফ পরিচালিত সিনেমা ‘এ ম্যাটার অব লাইফ অ্যান্ড ডেথ’। রোমান্স, ফ্যান্টাসি ও ডার্ক কমেডির মিশেলে নির্মিত ছবিটির গল্পে রয়েছে প্রেম, পারিবারিক অভিশাপ ও মৃত্যুভয়। জেদ্দার প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্র হায়াত বিশ্বাস করে, পারিবারিক অভিশাপের কারণে ৩০তম জন্মদিনেই তার মৃত্যু হবে। এ সময় তার জীবনে আসে অন্তর্মুখী হার্ট সার্জন ইউসুফ। তাঁদের অপ্রত্যাশিত প্রেম নিয়েই এগিয়েছে গল্প। চিত্রনাট্য লিখেছেন ও অভিনয় করেছেন সারা তাইবাহ। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইয়াকুব আল-ফারহান। ২০২৫ সালের ডিসেম্বরে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়। পরে সৌদি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ জুরি পুরস্কারও পায় সিনেমাটি। ২০১৩ সাল থেকে অস্কারে সিনেমা পাঠাচ্ছে সৌদি আরব; এবার নবমবারের মতো অংশ নিচ্ছে দেশটি।