না পাওয়ার সমীকরণ – মাভিয়া আক্তার

Share

লিখতে পারি না তেমন কিছুই,

কেবল কাগজে-কলমে
একটি সম্পর্ক গড়ার চেষ্টা করি।
ভাবছ বুঝি, আমি কবি?
আরে না, কবি নই—
শুধু মনের অব্যক্ত কথাগুলো
শব্দের আঙিনায় সাজিয়ে রাখি।
তোমার-আমার সমীকরণে
যতটুকু ছেদ রয়ে গেছে,
সেই শূন্যস্থানটুকুতে
না-বলা কথারা জমে না থাকুক।
বলপেনের কালো কালির ভাষায়
ছড়িয়ে পড়ুক অনুভূতিরা
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে।
ইহজন্মে তোমার প্রিয়
হয়ে ওঠা হলো না আমার,
তবু কাগজে-কলমে গড়ে তোলা
এই ক্ষুদ্র প্রয়াসটুকু
যেন বৃথা না যায়!
কারণ, মানুষ হিসেবে তোমার প্রিয় হতে না পারলেও,
শব্দের ভাঁজে অন্তত
একটুখানি অনুভূতি হয়ে বেঁচে থাকতে চাই।