অভিমানের কাশবনে – মাভিয়া আক্তার

Share

ভালো নাই বা বাসলে, প্রিয়,

একটু খোঁজ নিও তবে।

সোনালি রোদের পরশে যেমন

শিশিরেরা যায় হারিয়ে,

তেমনি করেই একদিন আমিও

হারিয়ে যাব এ ভুবন ছেড়ে।

কথা নাই বা বললে,

এসো একবার কাশবনে।

যেখানে নীল-সাদা আকাশের নিচে

কাশফুলেরা মিতালি পাতে।

অভিমানে ভেজা বিষণ্ন প্রহরে,

শব্দহীনতার মিছিলে

হারিয়ে যাব নীরবতার সাথে।

আমি হয়তো রয়ে যাব

এই নীরবতার কাশবনে,

তুমি না হয় হেঁটে যেয়ো

আলোর মায়াবী পথ ধরে।

ভালো থেকো, প্রিয়,

বসন্তের মতো রঙিন হোক

তোমার সাজানো ভুবন।

তারাদের ভিড়ে খুঁজে নিও

সেই পুরোনো আপনজন।