আমার নাম সানজিদা মিলি। আমি একজন শিক্ষার্থী। আমার গ্রাজুয়েশন শেষ হয়েছে। এখন মাস্টার্সে ভর্তি হব, পাশাপাশি চাকরির জন্যও চেষ্টা করছি। আমার বয়স ২৫, আমি অবিবাহিত।
২০২২ সালে অনার্সে ভর্তি হওয়ার সময় এক ছেলে ক্লাসমেটের সাথে আমার পরিচয় হয়। সে নিজে থেকেই প্রথমে কথা বলা শুরু করে। ধীরে ধীরে আমরা ভালো বন্ধু হই, বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালোবাসা, তারপর সম্পর্ক। অনেক দিন এভাবেই চলছিল। আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল। মাঝে মাঝে ঝগড়া হতো, কথা বন্ধ থাকত, পরে সব ঠিক হয়ে যেত। সে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, সৌদি আরবে চলে যায়।
এ বছর জুলাই মাসে আমরা আমাদের পরিবারকে জানাই। আমার পরিবার রাজি হয়, কিন্তু ওর পরিবার রাজি হয়নি, কারণ আমার থ্যালাসেমিয়া আছে। সেই থেকে ও কথা বন্ধ করে দিয়েছে। ও বলছে ওর পরিবার মানবে না, তাই ও রাজি হচ্ছে না। বলছে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করতে পারবে না। ও পরিবারকে রাজি করানোর চেষ্টাও করেনি, করলে হয়তো পারত। ও পরিবারের বড় ছেলে, ওর আয়েই সংসার চলে।
এই একটা কারণে আমি আজ বেঁচে থেকেও যেন মরে গেছি। রাতে ঘুম হয় না, ইদানীং খুব ক্লান্ত লাগে, কিছুই ভালো লাগে না, কোনো কাজে মন বসে না, পড়তে ইচ্ছা করে না। সারাক্ষণ শুধু ওর কথা মনে পড়ে। চোখের নিচে দাগ পড়ে গেছে, অনেক চুল উঠে গেছে, নিজেকে খুব অসহায় লাগে, সারাক্ষণ মন খারাপ থাকে। জীবনটা এলোমেলো হয়ে গেছে।
ওকে অনেক মেসেজ দিচ্ছি, ও কোনো উত্তর দেয় না। নিজেকে এখন জীবন্ত লাশ মনে হয়। ইদানীং সবার সাথে ঠিকমতো কথা বলতে পারি না, অকারণে রেগে যাই, জিনিসপত্র ভাঙি। বেশিরভাগ সময় মাথাব্যথা করে, কিছুই আর ভালো লাগে না। সারাক্ষণ ওর কথাই মনে পড়ে।