জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৯২৬ সালের কালজয়ী কবিতা ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের ১৪টি সাংস্কৃতিক, সাহিত্য ও শিক্ষা-সংগঠন। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে প্রকাশিত যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
সংগঠকরা বলেন, কবিতাটি শুধু সাংস্কৃতিক সৃষ্টি নয়, এটি জাতির সংকটকালে অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের চেতনার প্রতীক। বর্তমান সময়ে সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে নজরুলের সাহিত্য ও সংগীত মানবতার দিশারি হিসেবে কাজ করতে পারে।
শতবর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা সভা, সেমিনার, সংগীতানুষ্ঠান, আবৃত্তি উৎসব এবং তরুণ প্রজন্মকে যুক্ত করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও কেন্দ্রীয় খেলাঘর আসরসহ অন্যান্য সাংস্কৃতিক জোট। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই উদযাপনের মাধ্যমে সমাজে মানবতা, সম্প্রীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনার বিকাশ আরও বেগবান হবে।