বলিউড অভিনেতা আদার জৈন ও আলেখা আদভানি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জমকালো আয়োজনে বিয়ে করেন। তবে তখন তাদের বিয়ের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি। প্রায় দেড় বছর পর সম্প্রতি গণেশচতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। সামাজিক ও ধর্মীয় রীতিতে বিয়ে হলেও আইনি প্রক্রিয়া বাকি থাকায় এতদিন তাদের বিয়ে নিবন্ধিত ছিল না। রেজিস্ট্রির পর আদার ও আলেখা সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন। মজার ছলে তারা লেখেন, ‘ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তনের সুযোগ নেই।’ পোস্টে তারা নিজেদের ‘অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন’ বলেও উল্লেখ করেন এবং গণপতি বাপ্পার আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা জানান। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যেও তাদের বিয়ের আইনি অবস্থান নিয়ে তৈরি হওয়া প্রশ্নের অবসান হয়।