আমি জানি কেমন, সবার থেকে আলাদা, আলগা আমার দেহ..
আমার কঙ্কাল অন্তঃসারশূন্য, ভেতর-বাহির প্রাণহীন-ভয়হীন এক আত্মা…
আমি জানি কেমন.. কারও সাথে আমার বনে না, কথা বলে মন ভরে না, শান্তি আসে না…
…………………………..
নীরব নিঃসঙ্গ রাস্তা ধরে একা একা হেঁটে যাই, অনেক লম্বা পথ…
দীঘল প্রস্তরপথ, ঘাস-লতাপাতায় মোড়ানো, খুব ঘনিষ্ঠ।
অনেক হাঁটি.. কখনো ধীরে, কখনো বা খুব দ্রুত! দুটি পা যতটা কুলাতে পারে..
মাঝে মাঝে মনে হয় কেউ আমার পিছু নিয়েছে, এই বুঝি কথা বলবে আমার সাথে.. হয়তো জিজ্ঞেস করবে— এই অবেলায় কই যাও পথিক?
পেছনে তাকাই, আমার স্থির দৃষ্টি.. কেউ নেই, শুধু আমার নিথর ছায়াটা পড়ে আছে নিঃসঙ্গভাবে!!
………………………………
ভাবি, পাশে বয়ে চলা নদীটা বলবে—পথিক একটু জিরিয়ে নাও,
বড় গাছটার নিচে, চোখ দুটি ভিজিয়ে নাও শীতল জলে..
কিছুটা প্রশান্তি নিয়ে আবার চলো পথিক, অন্য কোনো নদীতে.. অন্য কোনো ধারে.. আরেক কাশবনে..
……………………………………………………………………
ধীরে ধীরে চলি, হয়তো কোনো পাখি কাছে আসবে, সুর শোনাবে, পথ দেখাবে.. আমার কবিতা শুনতে চাইবে…..
তার একটা ঝরাপালক রেখে যাবে আমার জন্য, আর বলবে ভালো থেকো, অনেক ভালো.. পরম সুখে, থেকো দুধে ভাতে!!
………………………………………………………
বনবাদাড়, ঝোপঝাড় থেকে সাপ বেরিয়ে আসে, গেউটে সাপ! এপার থেকে ওপারে আবার লুকিয়ে পড়ে; নিজেকে লুকাতে কী তার চেষ্টা, আলো তার ভালো লাগে না, আমার মতো অন্ধকারপ্রেমী! কিঞ্চিত দেখা.. তারপর অদেখায় আটকে গেছে…
………………………………………….
তারা কেউ কথা বলে না…. কেউ জিজ্ঞেস করে না…
আমি কেমন আছি!! কোথায় চলেছি এই অবেলায়, কার বাড়িতে..
রাতবিরাতে জোনাকি জ্বলে নীরব রাস্তায়, ভাবি তাদের সাথে জমিয়ে আড্ডা দেবো, গল্প করে রাতটা পার করে দেবো;
নতুন নতুন কবিতা লিখবো.. হয় না, তারা আসে না..
দূরে গিয়ে আলো দেয়! অন্ধকার নিভাতে, কি তাদের চেষ্টা!!
…………………………………
আমি মানুষ দেখি, কত মানুষ! মানুষের চোখ, নাক, মুখ, চুল, হাত, পা—সব মানুষ, তারা মানুষ.. তবুও তারা কেমন জানি, তাদের ভেতরটা পচে গেছে.. তারা মানুষ না, তবুও মানুষ!!
মানুষের সন্ধানে আমি আজ কেমন জানি.. অমানুষ হয়ে যাচ্ছি