জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, সেই সময়ের সাহস তাকে জুগিয়েছিল ছাত্র-জনতার আন্দোলন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের আকাঙ্ক্ষা।
এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, ৫ আগস্ট তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। সেদিন পরিবারের বাধা ও ভয় উপেক্ষা করে বোরকা পরে তিনি রাস্তায় বের হয়েছিলেন। লাখো মানুষের উচ্ছ্বাস তার কাছে ছিল স্মরণীয় অভিজ্ঞতা।
তবে পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দুর্নীতি, মব কালচার, নারীর প্রতি সহিংসতা, বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা তাকে ব্যথিত করেছে।
বাঁধনের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তিনি বলেন, শিল্পীর কাজ ও স্বাধীনতা যেন কোনো রাজনৈতিক মত বা বিশ্বাসের কারণে বাধাগ্রস্ত না হয়।
নতুন সিনেমা নিয়েও আশাবাদী বাঁধন। তিনি জানান, নারীপ্রধান গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং নিজের পছন্দ ও স্বাধীনতাকে প্রাধান্য দিচ্ছেন।