ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও অতীতের নানা ঘটনা নিয়ে কথা বলেছেন। জীবনের অনেক ভুলের কথা স্বীকার করে তিনি জানান, পেছনে ফিরে তাকালে কিছু বিষয়ে তার আফসোস হয়। তবে অতীত বদলানো সম্ভব নয়, তাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
সাক্ষাৎকারে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে প্রশ্ন করা হলে শাকিব বলেন, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’
সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই নানা গুজব ছড়িয়ে পড়ায় অসন্তোষও প্রকাশ করেন এই অভিনেতা। এসব কারণে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। বিতর্ক পেছনে ফেলে জীবনের বাকি সময় আনন্দে কাটাতে চান শাকিব। পাশাপাশি আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়েও আশাবাদী তিনি; সিনেমাটি চলতি বছরের অক্টোবর নাগাদ মুক্তির কথা রয়েছে।