হজ পালনের পর জীবনে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে পছন্দসই কাজ হলে মাঝে মাঝে বিজ্ঞাপনে অভিনয় করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, ‘আমি এখন আর অভিনয় করি না। আমি ধার্মিক হয়ে গিয়েছি। সে কারণে শুধু বিজ্ঞাপনের কাজ পেলে করি, আর নাহয় করি না। আমি এবার হজ করেছি। এরপর থেকেই আমার ভেতরে পুরোপুরি পরিবর্তন এসেছে।’
বর্তমান নাটকের মান নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তার মতে, এখন ভালো ও বার্তাবহুল কনটেন্টের অভাব রয়েছে। দর্শককে শুধু হাসানোর উদ্দেশ্যেই অনেক কাজ তৈরি হচ্ছে।
হাসান মাসুদ বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। পরে সাংবাদিকতায় যুক্ত হয়ে ‘দ্য ডেইলি স্টার’ ও ‘বিবিসি বাংলা’তে কাজ করেন। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা ও ‘৬৯’ নাটকের মাধ্যমে অভিনয়ে পরিচিতি পান। সহজাত ও রসাত্মক অভিনয়ের কারণে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।