নুসরাত ফারিয়া মনে করেন, তুচ্ছ বিষয় নিয়ে শিল্পীদের আদালতে টেনে নেওয়া শুধু লজ্জাজনকই নয়, শোবিজ অঙ্গনের জন্যও পীড়াদায়ক। ‘শাড়িকাণ্ডে’ তানজিন তিশার আদালতে আত্মসমর্পণ ও জামিনের ঘটনা ঘিরে তিনি বলেন, মতপার্থক্য হলেই আদালতের দ্বারস্থ হওয়া কোনো প্রগতিশীল চিন্তা নয়; বরং এটি পিছিয়ে যাওয়ার মানসিকতার প্রকাশ।
নিজের ফেসবুক পোস্টে ফারিয়া পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানান। তাঁর মতে, জনসমক্ষে অপমান কিংবা অপ্রয়োজনীয় আইনি লড়াই কোনো সমস্যার ইতিবাচক সমাধান হতে পারে না। শিল্পীদের আদালতকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও উঠে আসে—গত বছরের ১৮ মে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর পরদিনই জামিন পেয়েছিলেন এই অভিনেত্রী।