টালিউড অভিনেতা দেব পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। তার পরিচালিত প্রথম ছবি ‘দেশু ৭’-এর শুটিং শেষ হয়েছে। এই ছবিতে দেবের সহ-অভিনেত্রী শুভশ্রী খুব কাছ থেকে তার পরিচালক সত্তা দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই দেবকে উদ্দেশ করে আবেগঘন খোলা চিঠি লিখেছেন তিনি।
শুভশ্রী জানান, শুরুতে অভিনেতা দেবকে পরিচালক হিসেবে দেখে কিছুটা অবাক হওয়ার পাশাপাশি ঈর্ষাও হয়েছিল। তবে শুটিং এগোনোর সঙ্গে সেই অনুভূতি বদলে যায় অনুপ্রেরণায়। দেবের কাজ দেখে তার প্রতি শ্রদ্ধা আরও বেড়েছে বলেও জানান শুভশ্রী।
শুটিং শেষের দিনে দেবকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, এই যাত্রার অংশ হতে পেরে তিনি আনন্দিত। তার বিশ্বাস, ছবিটি মুক্তির পর বাংলা সিনেমা একজন নতুন প্রজন্মের পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি দর্শককে বিনোদনও দিতে পারবেন।
উল্লেখ্য, দেব-শুভশ্রী টালিউডের অন্যতম জনপ্রিয় জুটি। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে তাদের জুটির পথচলা শুরু হয়। দীর্ঘ বিরতির পর তারা ফের একসঙ্গে কাজ করছেন।