দুই বছরের এক সম্পর্কে থাকাকালে ভয়াবহ মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন দক্ষিণি অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগ তাঁর শরীরেও গুরুতর প্রভাব ফেলেছিল।
অনুপমার দাবি, ওই সময়ে তাঁর প্যানিক অ্যাটাক, ব্ল্যাকআউট, হাত-পা কাঁপা, বমি ও দ্রুত ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। শুটিংয়ের সময় ডান চোখ অনিয়ন্ত্রিতভাবে কাঁপত। দীর্ঘদিন ধরে রাতে ঘণ্টার পর ঘণ্টা কান্নার কারণে চোখের ল্যাক্রিমাল গ্রন্থিতে জটিলতা তৈরি হয়ে শেষ পর্যন্ত অস্ত্রোপচারও করাতে হয়।
তবে প্রাক্তন সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। সম্পর্কের সেই কঠিন সময় পেরিয়ে বর্তমানে কাজ ও জীবন নিয়ে এগিয়ে চলেছেন অনুপমা।