‘মির্জাপুর’-এ ‘জরিনা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান অভিনেত্রী অনংশা বিশ্বাস। তবে জনপ্রিয়তার পাশাপাশি অশালীন বার্তা ও কুপ্রস্তাবের মুখেও পড়তে হয়েছে তাকে। এক সাক্ষাৎকারে অনংশা জানান, প্রথম সিজন মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল ও ইনবক্সে নানা কুরুচিকর বার্তা আসতে থাকে। এমনকি সরাসরি এক রাত বা কয়েক দিনের জন্য তাকে সঙ্গে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। অভিনেত্রীর দাবি, অনেকেই পর্দার ‘জরিনা’ চরিত্রের সঙ্গে তার বাস্তব জীবনকে মিলিয়ে দেখেছেন। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার মতে, পর্দার চরিত্র আর অভিনেতার বাস্তব জীবন যে এক নয়—এই বিষয়টি সমাজকে বুঝতে হবে। এদিকে ‘মির্জাপুর: দ্য মুভি’তে আবারও ‘জরিনা’ চরিত্রে দেখা যাবে অনংশাকে।