সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে সিআইডি। এ আবেদনের ওপর আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।সিআইডির দাবি, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। পাশাপাশি মামলায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য জানতে চায় তদন্ত সংস্থা। গত ৯ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনও নামঞ্জুর হয়েছে। এখন সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির অপেক্ষায় রয়েছে মামলাটি।