রেস্টুরেন্টে খাবারের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বন্ধুকে মজার ছলে সতর্ক করেছেন বলিউড তারকা সালমান খান। মহারাষ্ট্রে ভেজাল ও অপরিচ্ছন্ন খাবারের বিরুদ্ধে রাজ্য সরকারের কড়া অভিযানের প্রসঙ্গ টেনেই সামাজিক মাধ্যমে এই সতর্কবার্তা দেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুকে উদ্দেশ করে সালমান খাবারের দাম না বাড়িয়ে মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন। পাশাপাশি মজা করে বলেন, তা না হলে মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার তুকারাম মুন্ঢেকে পাঠিয়ে দেবেন। সালমানের এমন রসিক সতর্কবার্তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর আগে সোনম ওয়াংচুককে অনশন ভাঙার অনুরোধ জানাতে ‘ইটস ডান ব্রো’ বলেও আলোচনায় এসেছিলেন এই অভিনেতা।