এবার ওটিটিতে ‘বাড়ির নাম শাহানা’

Share

প্রেক্ষাগৃহ ও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এবার ওটিটিতে মুক্তি পেয়েছে ‘বাড়ির নাম শাহানা’। লিসা গাজীর ২০১১ সালের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি এখন আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এতে নব্বইয়ের দশকের গ্রামীণ বাংলাদেশের সামাজিক বাস্তবতা ও এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র দীপা সামাজিক ও পারিবারিক নানা বাধার মুখে পড়েও নিজের জীবন নতুন করে গড়ে তোলার চেষ্টা করে। বিয়েবিচ্ছেদের পর সামাজিক কটূক্তি ও পারিবারিক অসম্মান পেরিয়ে চিকিৎসাক্ষেত্রে ক্যারিয়ার গড়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমাসহ অনেকে। সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটিতে দর্শকের সামনে এসেছে ‘বাড়ির নাম শাহানা’।