নামী ব্র্যান্ডের পণ্যে পোকা পাওয়ার অভিযোগ অভিনেত্রীর

Share

বলিউড অভিনেত্রী বিপাশা বসু নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে ছোট ছোট কৃমির মতো পোকা পাওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে পণ্যটির ভিডিও প্রকাশ করে তিনি জানান, নতুন কন্টেনার খোলার পর ভেতরে অসংখ্য পোকা দেখতে পান। বিপাশা ভিডিওতে পণ্যের ভেতরের অংশ ও পোকাগুলো দেখিয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করে ঘটনাটি তদন্তের অনুরোধ জানান তিনি। ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা দেওয়ার আহ্বান জানালেও বিপাশার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারিও অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন।