নব্বই দশকের ওয়ারফেজের পুরোনো ছবি প্রকাশ করে স্মৃতির পাতায় ডুব দিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। ১৯৯৩ সালের একটি কনসার্টের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি লিখেছেন, ‘ওয়ারফেজ: ফেব্রুয়ারি ১৯৯৩ লাইনআপ! ওই কনসার্টে আমরা সাতজন পারফর্ম করেছিলাম। বলুন তো কে কে?’ ছবিটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় পুরোনো সদস্যদের চেনার চেষ্টা। অনেকেই কমলের পাশাপাশি টিপু, বাবনা, সঞ্জয়, রাসেল ও ফুয়াদ ইবনে রাব্বীর মতো সংগীতজ্ঞদের শনাক্ত করার কথা জানিয়েছেন। ফলে মন্তব্যঘরে জমে ওঠে নস্টালজিক আড্ডা। শুধু ওয়ারফেজের পুরোনো দিনের ছবিই নয়, নিজের তরুণ বয়সের ১৯৮৬ সালের একটি ছবিও শেয়ার করেছেন কমল। ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকে আমি ছিলাম সুপার কুল।’ ১৯৮৪ সালে গঠিত ওয়ারফেজের সঙ্গে চার দশক ধরে যুক্ত আছেন কমল। ১৯৯১ সালে প্রথম অ্যালবাম প্রকাশের পর মূলধারার সংগীতে ব্যাপক জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। সময়ের সঙ্গে সদস্য বদলালেও ওয়ারফেজের জনপ্রিয়তা এখনো অটুট। বর্তমানে কমল, শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, সৌমেন দাস ও পলাশ নূরকে নিয়ে এগিয়ে চলছে ব্যান্ডটির পথচলা।