দাম্পত্য জীবনের ৩১ বছর পেরিয়ে গেলেও স্ত্রী মৌসুমীর প্রতি ভালোবাসা ও মুগ্ধতা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি দীর্ঘ সম্পর্ক, সংসার ও স্ত্রীকে নিয়ে নানা অভিজ্ঞতার কথা খোলামেলা তুলে ধরেছেন তিনি। মৌসুমীর যত্নশীল স্বভাব ও জেদ তাকে এখনও আকর্ষণ করে জানিয়ে সানী বলেন, সন্তানদের নিয়ে স্ত্রীর চিন্তা সবচেয়ে বেশি। নানা আলোচনা ও বিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, ভুল সবারই হতে পারে; তবে এসব নিয়ে অতিরিক্ত লেখালেখিই সমস্যা তৈরি করে। স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে সানী বলেন, ‘ফারদীন-ফাইজার আম্মু, তোমাকে ভালোবাসি।’ তার মতে, দীর্ঘ দাম্পত্য টিকিয়ে রাখার মূল শক্তি হলো পরস্পরের প্রতি বিশ্বাস, ত্যাগ, বোঝাপড়া ও ভালোবাসা। ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। নানা অভিমান, আলোচনা ও গুঞ্জনের মধ্যেও তাদের একসঙ্গে পথচলা অব্যাহত রয়েছে।