ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর কঠিন চিকিৎসার মধ্যেও ধীরে ধীরে ক্যামেরার সামনে ফিরছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি কোনো মেগা ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানান, বর্তমান শারীরিক অবস্থায় নিয়মিত দীর্ঘ সময়ের শুটিং করা তাঁর পক্ষে কঠিন। তাই আপাতত স্বল্প পরিসরের কাজ বেছে নিচ্ছেন তিনি। এরই মধ্যে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা। শারীরিক অবস্থা বিবেচনায় রেখে অল্প সময়ের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। গানটিতে সামান্য নাচের দৃশ্যও রয়েছে বলে জানান তিনি।