পিসিওএসসহ নানা শারীরিক ও মানসিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন অভিনেত্রী শবনম ফারিয়া। চুল পড়া, ত্বকের সমস্যা, ঘুমের অভাব, উদ্বেগ ও বিষণ্নতার পাশাপাশি ওজন নিয়ে সামাজিক মন্তব্যে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শবনম ফারিয়া বলেন, পিসিওএসের সঙ্গে লড়াই করতে করতে তিনি ক্লান্ত। কঠোর ডায়েট ও ব্যায়াম করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, না খেয়ে থাকার কারণে কয়েকবার রক্তে শর্করা কমে অজ্ঞানও হয়েছেন। ওজন নিয়ে মানুষের মন্তব্যের কারণে সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলেন বলেও জানান অভিনেত্রী। এমনকি নতুন কোনো চরিত্রের প্রস্তাব পেলেও অভিনয়ের আগে নিজের শরীর ও পর্দায় কেমন দেখাবেন—এসব ভাবনা তাকে উদ্বিগ্ন করে। ১৬ বছর বয়স থেকে চলা এই লড়াইয়ে এখন নিজের চেহারা ও শরীর নিয়ে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছেন বলে জানান শবনম ফারিয়া।