চল না যাই গ্রাম থেকে ঘুরে আসি – যুবরাজ দাস

Share

চল যাই শৈশবে যেখানে আছে আবির ছড়ানো আমার সকল স্মৃতির মধুময় কীর্তি,
যেখানে আছে পড়শীর সুখ স্মৃতি আরো আছে আমার পূর্ব পুরুষের বসত ভিটার ভিত্তি।

পাখ পাখালির কলতানে হৃদয়ে বহে এখনো শান্তির শীতল সমীরন,

যেখানে চলতো রাত দুপুরে শিয়াল কুকুরের প্রতিনিয়ত মহারন।

চল যাই ওখানে, যেখানে আছে পাড়া পড়শীর সামাজিকতার ছোঁয়া,
যেখানে আছে শস্য শ্যামল ফসলের উপর শিশিরের আলতো ধোঁয়া।
যেখানে মাছেরা কিলবিল করে অনবরত খালে আর বিলে,
যেখানে ধরে নিয়ে যায় মাছ মাথা ডুবিয়ে সামুদ্রিক গাঙচিলে।
চল যাই, মেঠোপথে হাঁটি দুজনে হাতে ধরি হাত,
কাটাই শান্তিতে নিমগ্ন সমীরনের শীতলতায় সারাটা দিবস ও রাত।
নিঝুম রাতের ঝিঁ ঝিঁ পোকার সুমধুর ঝাঁঝালো শব্দ,
তোমার গভীর নিদ্রার স্বপ্ন হয়ে ভেসে উঠবে উপলব্দ ।
চল না, তুমি শুনবে রাখালের সুমধুর বাঁশির ধ্বনি,
যদি যাও তুমি, তাহলে দেখবে তোমায় আবার যাওয়ার দিবে নান্দনিক হাতছানি।

ছোট ছোট মাছের অনবদ্য স্বাদের রান্নায়,
ভেসে উঠবে অবলীলায় তোমার সুখ স্মৃতির আয়নায় ।
চল যাই ওখানে, যেখানে শৈশবের কাটিয়েছি সারাটা দিন,
যেখানে হয়নি কখনো হৃদয়ের গভীরতার এক মূহুর্তও অন্তরীন ।
এখন রাস্তাঘাটের ভগ্নতা নেই, আছে বিজলী বাতির অনন্ত অবলীলা
তুমি খুশি হবে চল একবার, দেখবে  বালক-বালিকার নানান গেঁয়ো মন মাতানো খেলা ।
চল যাই সেখানে, যেখানে তরতাজা প্রাকৃতিক সবুজের অবারিত মেলা,
যেখানে কাটিয়েছি আমার শিক্ষা জীবনের সকাল সন্ধ্যা বেলা।

তুমি যাবে ? যদি যাও দেখবে সেখানে ডানকানা মাছ শুধু কিলবিল করে,
আরো দেখবে পল্লিজননীর অকৃত্রিম ভালোবাসা প্রাণের নির্যাস ভরে ।
চল না যাই, পুকুরে সাতার কাটবো আর ডুব দিয়ে করবো অবগাহন,
অনেক দিন যাই না, এখন কেন জানি মনের গহীনে হচ্ছে স্মৃতির রোমত্থন ।
উদাস মনের চাহনিতে শৈশব যে করছে আনাগোনা,
বৃষ্টিতে ভিজবো দুজন মনের মাধুরী মিশিয়ে হয়ে আনমনা ।
বর্ষায় গেলে ডিঙ্গি নৌকায় ঘুরতে পারতাম সারাটা বেলা,
কলার ভেলায় চড়ে দেখতে পারতাম কিশোর কিশোরীদের শাপলা তোলার মিলন মেলা ।
চল সেখানে মধুমাখা শাখ-সবজি ও ফলেরা যেখানে বিষের দোষমুক্ত,
চল না যাই, সেখানের  সামাজিক আতিথেয়তা হয়নি এখনো অবলুপ্ত।

উন্নয়নের ছোঁয়ায় প্রকৃতি হয়তো একটু হারিয়েছে তার প্রাকৃতকি রূপ,
নব যৌবন প্রাপ্ত হয়ে প্রকৃতি এখন ধরেছে অপ্রাকৃতিক অপরূপ ।
চল যাই একটু ঘুরে দেখি আমাদের সেই মনোরমা গ্রাম,
একটু প্রশান্তিতে ভরি মনঃপ্রাণ এবং প্রণাম করে আসি পূর্ব পুরুষের স্মৃতি মাখা অনন্ত মহাধাম ।