হৃদ-বোতলে ছিপি – মাভিয়া আক্তার

Share

হৃদ-বোতলে ছিপি আটকে

অযত্নে পড়ে আছে কত শত কথা,

ধুলোবালির স্তূপে চাপা পড়ে থাকা

অপ্রকাশিত অনুভূতির মতো—

যাদের জন্ম হয়েছিল শুধু তোমাকে বলার জন্য।

স্বপ্নগুলোও আজ পঙ্গু হয়ে গেছে,

ডানা মেলে আকাশ ছোঁয়ার সাধ নেই আর;

তবুও তুমি চাও—

আমি নাকি সংসারী হই!

এই অগোছালো, ছন্নছাড়া জীবনে

কে আসবে গুছিয়ে দিতে

এলোমেলো দিনগুলোর ভাঁজ?

কে মুছে দেবে নীরব রাতের

অবসন্ন চোখের জল?

যে তুমি একদিন

বিশ্বাসের হাত বাড়িয়ে বলেছিলে—

“ভরসা রেখো, আমি আছি,”

সেই তুমিই আজ

অন্য কারও ঘরের মানুষ।

তাই কী করে বলো—

আমি আবার সংসারী হই?

যে হৃদয়ের দরজায়

তোমার স্মৃতিরই পাহারা,

সেখানে নতুন কারও আগমন

কী করে সম্ভব বলো?

হৃদ-বোতলের ছিপি খুলতে ভয় হয়—

হয়তো বেরিয়ে আসবে

তোমাকে ঘিরে জমে থাকা

এক সমুদ্র অপ্রকাশিত কথা;

আর সেই জোয়ারে

ভেসে যাবে আমার

সংসারী হওয়ার সমস্ত আয়োজন।