বন্ধু ও নাট্যকার-নির্মাতা তানিন রহমানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। কিডনি প্রতিস্থাপনের আগে তানিনের শেষ কথাগুলো বারবার মনে পড়ছে তার।
অপারেশন থিয়েটারে যাওয়ার আগে তানিন বলেছিলেন, ‘দোস্ত, মাফ করে দিস যদি ফিরে না আসি।’ পরদিন কিডনি ট্রান্সপ্লান্ট সফল হলেও তার পরের দিন আইসিইউতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বন্ধুর মৃত্যুর খবরের পর শুটিংয়েও মন বসাতে পারেননি ইরফান, বারবার চোখ ভিজে আসছিল তার।
তানিনের শেষ ভয়েস মেসেজটি যত্ন করে রেখে দেওয়ার কথা জানিয়ে আবেগঘন বিদায় জানিয়েছেন ইরফান। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভোগা তানিন এক দশকের বেশি সময় ধরে নাটক লিখেছেন এবং তার গল্প-চিত্রনাট্যে তৈরি হয়েছে বহু জনপ্রিয় নাটক।