জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি বলেছেন, দেশে হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে—এমনটা বলা ঠিক নয়। তার দাবি, আগেও বিভিন্ন সময়ে তার কনসার্ট বাতিল ও হয়রানির ঘটনা ঘটেছে। তাই সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের ঘটনায় হঠাৎ অবাক হওয়ার বিষয়টি তাকে বিরক্ত করে।
তবে কনসার্ট বন্ধের পক্ষে নন ন্যান্সি। তিনি বলেন, শিল্পীদের আয়ের বড় একটি অংশ আসে কনসার্ট থেকে। এ ধরনের আয়োজন বন্ধ হওয়া কারও জন্যই সুখকর নয়। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়েরও কার্যকর ভূমিকা থাকা উচিত বলে মনে করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে ন্যান্সি বলেন, অনেক সময় তার বক্তব্য পুরোপুরি তুলে ধরা হয় না। বরং বক্তব্যের ‘রসালো’ অংশ ব্যবহার করে সংবাদ ভাইরাল করার চেষ্টা করা হয়। ফলে তার পুরো বক্তব্য পাঠকদের সামনে আসে না।