পরপর দুই দিনে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতি একটি রাষ্ট্রের মেরুদণ্ড। এর কোনো একটি ধ্বংস হলে রাষ্ট্র ভঙ্গুর হয়ে পড়ে। মনির খানের মতে, উগ্রপন্থিদের ভয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া কাম্য নয়। শিল্পীদের কাজের সুযোগ বন্ধ হয়ে গেলে তাদের উপার্জনের পথও বাধাগ্রস্ত হয়। দেশের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। সংস্কৃতিবান্ধব সরকার এ বিষয়ে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।