পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’র নতুন আসরে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন প্রয়াত অভিনেতা তাপস পালের মেয়ে সোহিনী পাল। শোয়ের প্রথম দিনেই বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেন তিনি।সোহিনী জানান, জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলার শিক্ষা তিনি বাবার কাছ থেকেই পেয়েছেন। বাবার জীবনের ভালো-মন্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা অনেক ভালো করেছেন। তা নিয়ে কোনও প্রশ্ন নেই। ভুলও করেছেন। প্রায়শ্চিত্তও।’ সোহিনীর কথায়, ‘বাবা বলতেন, অবস্থা বুঝে ব্যবস্থা।’ বাবার বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের দিকেই তিনি ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। আগামী তিন মাস বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে থাকবেন সোহিনীসহ অন্য প্রতিযোগীরা। শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন, তার মাথায় উঠবে বিজয়ীর মুকুট।