সামাজিক মাধ্যমে অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি পরিষ্কার করে বর্ষীয়ান এই অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি সত্য হলেও তা সাম্প্রতিক নয়; প্রায় দুই যুগ আগের।
দিলারা জামান জানান, প্রায় ২০ থেকে ২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে বাবার দেওয়া ছয় কাঠা জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। দেনা শোধ করতে বাড়িটি ভাড়া দেওয়ার পর ভাড়াটিয়ার কাছ থেকে নিয়মিত ভাড়া পাননি। একপর্যায়ে ওই ভাড়াটিয়া বাড়িটি দখল করে নেয়। তবে জমির কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মাত্র দুই মাসের মধ্যে জমিটি ফিরে পান তিনি। পরে জমিটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন। বর্তমানে সেখানেই বসবাস করছেন এই অভিনেত্রী। শ্যামলীর সেই জমিতে এখন দশতলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট থাকার কথাও জানিয়েছেন দিলারা জামান।