ব্যক্তিগত জীবন ও শরীর নিয়ে অস্বস্তিকর প্রশ্নে বিরক্ত অভিনেত্রী নীনা গুপ্তা। বিয়ে, ওজন কিংবা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মানুষের কৌতূহলের জবাব নিজের স্বভাবসুলভ স্পষ্টভাষী ভঙ্গিতে দিয়েছেন তিনি। ‘নিউজ১৮’-কে দেওয়া সাক্ষাৎকারে নীনা জানান, কেউ তাকে ‘কবে বিয়ে করছেন?’ এমন প্রশ্ন করলে তিনি পাল্টা বলেন, ‘আমি তোমার বাবার টাকায় খাই না। তোমার সমস্যা কী? তুমি বিয়ে করেছো কিনা?’ শাড়ি পরার সময় কোমরের কাছে একটু ভারী দেখানোর কারণেও তাকে অন্তঃসত্ত্বা কি না—এমন প্রশ্ন শুনতে হয়েছে বলে জানান নীনা। তার ভাষ্য, বয়স ৬০ হওয়ার পরও এ ধরনের মন্তব্য শুনে তিনি বিরক্ত হয়েছেন। এমনকি মজা করে সবাইকে জানিয়ে দিতে চেয়েছিলেন যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা, যাতে মানুষ তাকে আর বিরক্ত না করে। শরীর নিয়ে কটাক্ষের শিকার নারীদেরও নীনার পরামর্শ, কেউ এমন প্রশ্ন করলে সরাসরি ‘আমি অন্তঃসত্ত্বা’ বলে জবাব দিতে পারেন। এদিকে নেটফ্লিক্সের ‘চুম্বক’ সিরিজে অভিনয় করছেন নীনা। পারিবারিক কমেডি ঘরানার এ সিরিজে তার সঙ্গে রয়েছেন সুমিত ব্যাস, অর্জুন বিজলানি, দেবেন ভোজানি, সুমিত রাঘবন, দেলনাজ ইরানিসহ আরও অনেকে।