মা হওয়ার অপেক্ষায় অভিনেত্রী সোহিনী সরকার। আট মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীকে সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বেগুনি রঙের আলো’র প্রচারে দেখা গেছে। সেখানেই অনাগত সন্তানকে নিয়ে স্বামী শোভনের মজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সোহিনী জানান, শোভন আপাতত হবু সন্তানকে ‘টুল’ নামে ডাকছেন। নামটি শুনে প্রথমে অবাক হলেও এর পেছনে শোভনের যুক্তিও রয়েছে। তাঁর মতে, টুলের ওপর ভর করে যেমন উঁচুতে ওঠা যায়, তেমনি সন্তানও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হবে। স্বামীর এই যুক্তি নিয়ে রসিকতা করে সোহিনী বলেন, তাহলে মই বা সিঁড়ির নামও দেওয়া যেতে পারে। মেয়ে হলে ‘টুলি’ নাম হওয়ার সম্ভাবনার কথাও মজা করে জানান তিনি। এ নিয়ে পরিচালক মানসী সিনহাও হাস্যরসে যোগ দেন। গত জুলাইয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীতে বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা-বাবা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন সোহিনী ও শোভন।