প্রবাসীদের ‘কামলা’ বলায় তোপের মুখে অভিনেতা আজাদ আবুল কালাম

Share

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রতি সংহতি জানাতে গিয়ে প্রবাসীদের ‘ইউরোপে কামলা খেটে চলে’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী ও দেশের অনেক মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করেছেন, প্রবাসীরা পরিবার-পরিজন ছেড়ে কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। তাই তাদের পেশা ও কর্মকে এভাবে উল্লেখ করা অসম্মানজনক। কয়েকজন শিল্পী-কলাকুশলীও বক্তব্যটির প্রতিবাদ করেছেন। তবে আজাদ আবুল কালামের পক্ষ নিয়ে কেউ কেউ বলছেন, তিনি সব প্রবাসীকে উদ্দেশ্য করে মন্তব্য করেননি; বরং বাঁধনকে হেনস্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রসঙ্গেই কথাটি বলেছেন। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজের বক্তব্য নিয়ে নতুন কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া জানাননি আজাদ আবুল কালাম।