অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হতে হয়

Share

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ মনে করেন, বিনোদন জগতে এখনো নারীদের জন্য বৈচিত্র্যময় ও শক্তিশালী চরিত্রের অভাব রয়েছে। ফলে অনেক সময় পছন্দ না হলেও প্রয়োজনের কারণে কিছু চরিত্রে অভিনয়ে রাজি হতে হয়। নতুন ওয়েব সিরিজ ‘হুঙ্কার’-এ এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা। সিরিজটির গল্প এক কিশোরীকে ঘিরে, যে এক ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। তদন্তকারী কর্মকর্তার ভূমিকাটি পেয়ে সন্তুষ্ট অভিনেত্রী। ফাতিমার মতে, পুরুষ অভিনেতারা নিজেদের অভিনয় দক্ষতা প্রকাশের তুলনামূলক বেশি সুযোগ পেলেও নারীদের ক্ষেত্রে সুযোগ সীমিত। বিশেষ করে নারী চরিত্রকে ধূসরভাবে উপস্থাপন করতে গিয়ে তাকে প্রায়ই খলনায়িকা হিসেবে দেখানো হয়। তিনি আরও বলেন, অনেক অভিনেতার হাতে বেছে নেওয়ার মতো পর্যাপ্ত কাজ থাকে না। আর্থিক প্রয়োজনের কারণে কখনো কখনো আপস করতে হয় এবং হাতে থাকা সুযোগগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালোটি বেছে নিতে হয়। কাজ সফল হলে পরবর্তী সময়ে আরও সুযোগ আসে, আর ব্যর্থ হলে সুযোগ কমে যায়—তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।