আত্মপ্রকাশের দিনেই দেড় কোটি, কীভাবে এল এবি কিংয়ের অর্থ?

Share

যুক্তরাষ্ট্রের হিউস্টনে নতুন ব্যান্ড ‘এবি কিং’-এর আত্মপ্রকাশের দিনই উঠেছে প্রায় দেড় কোটি টাকা অনুদান। ১৯ সেপ্টেম্বর নয়না সেন্টার অডিটরিয়ামে ব্যান্ডটির প্রথম স্টেজ শো অনুষ্ঠিত হয়। ‘সোনার বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ফান্ড রাইজিং অনুষ্ঠানে হিউস্টনপ্রবাসী বাংলাদেশিরা এই অর্থ অনুদান দেন। সংগঠনটির স্বাস্থ্য, শিক্ষা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং–সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থটি ব্যবহার করা হবে। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও গায়ক এস আই টুটুলের উদ্যোগে গড়ে উঠেছে ‘এবি কিং’। তিনি জানান, এটি কোনো পুরোনো ব্যান্ডের বিকল্প নয়; বরং কিংবদন্তিদের গান ও নিজেদের মৌলিক গান নিয়ে আলাদা একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যান্ডটি এগিয়ে যাবে। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন এস আই টুটুল, ইফতি, আকাশ ও নাফিস। চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে তাদের পারফর্ম করার পরিকল্পনা রয়েছে।