ছয় দশকের সংগীতযাত্রায় খুরশীদ আলম

Share

প্রায় ছয় দশক ধরে বাংলা গানের সঙ্গে যুক্ত কণ্ঠশিল্পী খুরশীদ আলম। রবীন্দ্রসংগীতচর্চা দিয়ে শুরু হওয়া তার সংগীতযাত্রা পরে আধুনিক গান, বেতার ও চলচ্চিত্রের প্লেব্যাক পর্যন্ত বিস্তৃত হয়েছে। জয়পুরহাটে জন্ম নেওয়া খুরশীদ আলম মাত্র তিন বছর বয়সে ঢাকায় আসেন। চাচা ড. আবু হায়দার সাজেদুর রহমানের কাছে সংগীতে হাতেখড়ি নিয়ে রবীন্দ্রসংগীতের তালিম নেন। ১৯৬৬ সালে বাংলাদেশ বেতারে অডিশন দেওয়ার পর সমর দাসের কাছে ছয় মাস তালিম নেন তিনি। ১৯৬৯ সালে ‘আগন্তুক’ সিনেমার ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’ গান দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন এই শিল্পী। ‘চুমকি চলেছে একা পথে’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘যদি বউ সাজো গো’সহ তার বহু গান আজও শ্রোতাদের কাছে জনপ্রিয়। আজাদ রহমান, সত্য সাহা, আলম খান, রবীন ঘোষসহ বহু গুণী সুরকারের সঙ্গে কাজ করেছেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে একুশে পদক লাভ করেন খুরশীদ আলম। সময়ের সঙ্গে গান প্রকাশ ও শোনার ধরন বদলালেও বাংলা সংগীতে তার দীর্ঘ পথচলা এখনো স্মরণীয়।