নগরবাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের আজ জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটানোর কথা জানিয়েছেন তিনি। জন্মদিন প্রসঙ্গে জেমস বলেন, ‘আমি সমাজ বদল করতে আসিনি। আমি সমাজকে আনন্দ দিতে এসেছি।’ সংগীত ও সংস্কৃতির পরিবর্তন নিয়ে তিনি বলেন, সংস্কৃতি নদীর মতো—এটি নিজের গতিতে বয়ে চলবে। নতুন গান করার ইচ্ছা থাকলেও এখন সময়টা নতুন শিল্পীদের বলে মনে করেন জেমস। নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের গান শোনার আহ্বানও জানিয়েছেন তিনি। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্ম নেওয়া জেমস বেড়ে ওঠেন চট্টগ্রামে। দীর্ঘ সংগীতজীবনে স্বতন্ত্র গায়কী দিয়ে তিনি শ্রোতাদের কাছে আলাদা অবস্থান তৈরি করেছেন।