মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত ‘হনুমান অংশ’ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সিনেমাটির এই সাফল্যকে ভালো কনটেন্টের বিপ্লব বলে মনে করছেন না বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিচা বলেন, ভারতীয় দর্শকদের মধ্যে পৌরাণিক ও ধর্মীয় কাহিনিনির্ভর সিনেমার চাহিদা বরাবরই বেশি। ‘হনুমান অংশ’-এর সাফল্যও তারই উদাহরণ। তাই একটি সিনেমার বিপুল আয় দেখেই চলতি বছর ভালো মানের সিনেমার জোয়ার এসেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলে মনে করেন তিনি। বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্য। আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি ও অনিল রাস্তোগি।