ঐতিহাসিক প্রেক্ষাপটের নতুন সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন এক চরিত্রে হাজির হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। নিখিল আদবানি পরিচালিত সিরিজটি শুক্রবার (১১ সেপ্টেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবীদের সশস্ত্র প্রতিরোধ, আদর্শ ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই পিরিয়ড ড্রামা। সিরিজ মুক্তির দিন শুটিংয়ের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের নতুন লুক ও চরিত্র নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছেন পাওলি। ‘দ্য রেভলিউশনারিজ’-এ রাসবিহারী বসুর চরিত্রে ভুবন বাম, শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকায় রোহিত সরফ, প্রতিভা লাহিড়ীর চরিত্রে প্রতিভা রান্তা এবং বাঘা যতীনের চরিত্রে গুরফতেহ পিরজাদাকে দেখা গেছে। পাওলি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, কাশিশ সালুজাসহ অনেকে।