বলিউড অভিনেত্রী তাপসী পান্নু জানিয়েছেন, একবার নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, সিনেমাটির জন্য তার শুটিংয়ের তারিখও নেওয়া হয়েছিল। পরে তাকে জানানো হয়, নায়ক তাকে ছবিতে চান না। তবে বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ তাকে বলা হয়নি। তাপসীর ভাষ্য অনুযায়ী, তাকে বাদ দেওয়ার সবচেয়ে অস্বস্তিকর যে কারণটি শুনতে হয়েছিল, তা ছিল—“নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।” এর আগেও ২০২১ সালে তিনি জানিয়েছিলেন, একটি সিনেমায় চূড়ান্ত হওয়ার পর সংবাদমাধ্যমের খবর থেকে জানতে পারেন যে তাকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাটি ‘পতি পত্নী অউর ওহ’ সিনেমাকে ঘিরে বলে মনে করা হয়। বর্তমানে তাপসীকে সর্বশেষ নেটফ্লিক্সের ‘গান্ধারী’ সিনেমায় দেখা গেছে।