অভিনেতা অপূর্বের সততায় মুগ্ধ হয়েছেন তটিনী। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নতুন নাটক ‘তুমি এসেছিলে বলে’। রুবেল হাসানের পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তটিনী। নাটকের গল্পে অপূর্বকে দেখা যাবে যৌথ পরিবারের বড় ছেলের চরিত্রে। বাবার মৃত্যুর পর পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অফিসের কাজের পাশাপাশি পরিবারের নানা সমস্যা সামলাতে গিয়ে বিয়ে নিয়েও তার আগ্রহ ছিল না। পরে মায়ের অনুরোধে বিয়েতে রাজি হন তিনি। পাত্রী মেহরিনের সঙ্গে প্রথম দেখাতেই নিজের জীবনের বাস্তবতা ও দায়িত্বের কথা স্পষ্ট করে দেন অপূর্ব। তার এই সততা মেহরিনকে মুগ্ধ করে এবং তিনি বিয়েতে রাজি হন। কিন্তু বিয়ের পর দাম্পত্য জীবনে যৌথ পরিবারের নানা টানাপোড়েন কী প্রভাব ফেলে, সেটিই উঠে আসবে নাটকে। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে।